যুক্তরাজ্যে সনির বিরুদ্ধে ৯০ লাখ গ্রাহকের মামলা
প্লেস্টেশনের মাধ্যমে ডিজিটাল গেমিং বাজারে অনন্য অবস্থানে সনি। তবে এবার প্ল্যাটফর্মটির বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ উঠেছে। গত ছয় বছরে পাঁচশ কোটি পাউন্ডের বেশি হাতিয়ে নিয়েছে সনি- এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ লাখ গ্রাহক আইনী পদক্ষেপ নিচ্ছেন।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, সনির বিরুদ্ধে একটি সমষ্টিগত পদক্ষেপ হচ্ছে এই আইনি অভিযোগ, যা এনেছেন যুক্তরাজ্য ভিত্তিক অলাভজনক সংস্থা ‘হুইচ ইউকে’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ভোক্তা অধিকার বিষয়ে চৌকষ আইনজীবী অ্যালেক্স নিল।
গেমিংয়ের বাজারে নিজস্ব ক্ষমতার অপব্যবহার করে গেম নির্মাতা ও প্রকাশকদের ওপর অন্যায্য শর্ত আরোপ করেছে সনি। এর ফলে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ এসেছে কোম্পানিটির বিরুদ্ধে, যে কারণে বাড়তি অর্থ দিতে হতো গ্রাহকদের।
প্রতিটি ডিজিটাল গেম ও প্লেস্টেশন স্টোর থেকে কেনা গেমে ৩০ শতাংশ বেশি অর্থ নিয়ে ‘গ্রাহক ঠকানোর’ বিষয়টিও উল্লেখ আছে ওই অভিযোগে।
অভিযোগ অনুযায়ী, ডিজিটাল গেমিং কেনাকাটায় গত ছয় বছরে গ্রাহকদের কাছ থেকে প্রায় পাঁচশ কোটি পাউন্ড হাতিয়ে নিয়েছে কোম্পানিটি।
এ বিষয়ে এখনও সনির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি